
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান চালিয়ে কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোডাউনে থাকা গ্যাস স্থানান্তরের মেশিন, সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে থানায় নেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে অভিযানের শেষ পর্যায়ে রহস্যজনকভাবে বদলে যায় সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ২৬৯টির বেশি গ্যাস সিলিন্ডার ও গ্যাস স্থানান্তরের সরঞ্জাম জব্দ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন কর্মকর্তারা। গোডাউনটি সিলগালাও করা হয়নি। নেওয়া হয়নি কোনো আইনগত ব্যবস্থা। এ ঘটনায় প্রশাসনের অভিযানের কার্যকারিতা ও সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় অবস্থিত ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। গোডাউনটি মো. মিজান নামে এক ব্যক্তির বলে জানা গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গোডাউনটিতে একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করে পুনরায় বাজারজাত করা হতো। এমনকি কম দামি ব্র্যান্ডের সিলিন্ডার থেকে বেশি দামি ব্র্যান্ডের সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রির অভিযোগও রয়েছে।
অভিযানে গোডাউনের ভেতরে গ্যাস স্থানান্তরের মেশিন, ট্রান্সফার ক্যাবল, সিলিন্ডারের মুখে লাগানোর স্টিকার, ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়া সেখানে ২৬৯টির বেশি সিলিন্ডার ছিল। এসব সিলিন্ডারের মধ্যে কিছু খালি, কিছু গ্যাসভর্তি। কয়েকটি সিলিন্ডারের মুখে পানি এবং সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হতেও দেখা যায়। ঘটনাস্থলে থাকা দুটি অটোরিকশার একটিতে গ্যাস সিলিন্ডার বোঝাই ছিল। অভিযোগ রয়েছে, অভিযান শুরুর আগমুহূর্তেও সেখানে গ্যাস স্থানান্তরের কাজ চলছিল।
গোডাউনে দীর্ঘদিন ধরে কাজ করছেন বলে পরিচয় দেওয়া এক কর্মচারী জানান, সেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০টি সিলিন্ডারে গ্যাস স্থানান্তর বা কাটিং করা হয়। একপর্যায়ে তিনি এ কার্যক্রম অবৈধ বলেও স্বীকার করেন। তাঁর বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ড সংবাদকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা গোডাউনের কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, সেখানে ব্যবহৃত গ্যাস স্থানান্তরের মেশিন অবৈধ এবং সিলিন্ডার রাখার পরিবেশও অনিরাপদ। বিস্ফোরক পরিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্সসহ অন্যান্য অনুমোদনপত্র ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
গোডাউনের সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো অনুমোদনপত্র দেখাতে না পারায় পুলিশকে সিলিন্ডার ও সরঞ্জামগুলো থানায় নিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে অংশ নেওয়া অন্য কর্মকর্তারাও একাধিকবার কার্যক্রমটিকে অবৈধ বলে উল্লেখ করেন। তাঁদের বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ডও সংবাদকর্মীদের কাছে রয়েছে।
এরপর সিলিন্ডার ও সরঞ্জাম পরিবহনের জন্য গাড়ির অপেক্ষা চলছিল। এমন সময় ঘটনাস্থলে আসেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিউল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে সিলিন্ডার ও সরঞ্জাম থানায় নেওয়ার নির্দেশ দিলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তার কথা জানান। পরে তাঁদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে জানানো হয়, সেখানে কী ধরনের কাজ হচ্ছিল, তা তাঁরা দেখেননি। তাই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অথচ এর আগেই অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা গোডাউনের কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছিলেন। শেষ পর্যন্ত কোনো সিলিন্ডার, মেশিন বা সরঞ্জাম জব্দ না করেই অভিযান শেষ করা হয়। গোডাউনটিও সিলগালা করা হয়নি।
এদিকে অভিযান চলাকালে সংবাদকর্মীদের ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রথমে ভিডিও ধারণে নিষেধ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা বক্তব্য দেওয়ার পর অনুমতি দেওয়া হলেও গোডাউনের মেশিন ও অন্যান্য সরঞ্জামের ভিডিও ধারণ করতে গেলে আবারও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে সেখানে কী ধরনের কাজ সংঘটিত হচ্ছিল, তা তিনি নিজ চোখে দেখেননি। পরবর্তী সময়ে গোডাউনটি নজরদারিতে রাখা হবে।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে জানিয়েছেন, ঘটনাস্থলে অবৈধ কিছু পাওয়া যায়নি। এ কারণে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের পক্ষে যাঁরা তথ্য দিয়েছিলেন, তাঁদের দেওয়া তথ্যও সঠিক ছিল না বলে তাঁকে জানানো হয়েছে।
তবে ইউএনও বলেন, সেখানে সত্যিই অবৈধ কোনো কার্যক্রম পরিচালিত হয়ে থাকলে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি নিজেই ওই গোডাউনে পুনরায় অভিযান পরিচালনা করবেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন। সেখানে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।